© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তোর মা-বোন আছে?’ বলেই কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

শেয়ার করুন:
‘তোর মা-বোন আছে?’ বলেই কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
'তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?'- এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজার এলাকার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। একইদিন রাতে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন এনসিপি নেত্রী তানিয়া আমিন।

ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে আছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে ঢোকেন। তারা খোরশেদ আলমের দিকে এগিয়ে গেলে তিনিও তানিয়া আমিনের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাকে মারধর শুরু করেন। তাদের মধ্যে তানিয়া আমিনও তাকে চড়-থাপ্পড় মারেন। এ সময় তিনি বলতে থাকেন, 'তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?'

জানতে চাইলে তানিয়া আমিন বলেন, 'তার কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আমার গায়ে হাত তুলতে উদ্যত হন। একপর্যায়ে বাধ্য হয়ে আমরা তার গায়ে হাত তুলি। পরে তাকে পুলিশের কাছে নিয়ে যাই।'

তিনি বলেন, 'প্রথমে পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে পুলিশ তার মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতার বিষয়ে যোগাযোগের তথ্য পেয়েছে বলে তাকে জানিয়েছে।'

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, 'খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তার মুঠোফোনে এর প্রমাণ পাওয়া গেছে।'

ওসি আরও জানান, 'এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে খোরশেদ আলম ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। খোরশেদ আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

এমআই/

মন্তব্য করুন