© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৬ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

ট্রাইব্যুনালে আনা অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।

গত ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত। ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন