© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

শেয়ার করুন:
উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। এ সময় বিমানে থাকা নারী প্রশিক্ষণার্থী পাইলট অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোলাপুরের হোদগি রোডে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় বিমানটি রানওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। তবে বিমানটি আকাশে ওড়ার আগেই এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

ঘটনার খবর পেয়ে বিমানবন্দরে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি উদ্ধারকারী দল। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবন্দরে জরুরি সাড়াদানকারী দল মোতায়েন করা হয়।

প্রতিবেদনে উঠে এসেছে, প্রশিক্ষণার্থী ওই নারী পাইলট ফ্লাইট প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি পরিচালনা করছিলেন। দুর্ঘটনার পর তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বিমানটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত সমস্যা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সোলাপুর বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এফআর/

মন্তব্য করুন