প্রেক্ষাগৃহে মুক্তি পেল আলোচিত তুর্কি ভৌতিক সিনেমা
ছবি: সংগৃহীত
০৬:৪৫ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তা বাংলাদেশে বেশ আগে থেকেই। এবার দেশের দর্শকদের জন্য বড়পর্দায় মুক্তি পেল তুরস্কের আলোচিত হরর সিনেমা ‘সয়’। প্রাচীন মিসরের অভিশাপ, রহস্যময় প্রাসাদ আর অশুভ শক্তির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
অতিপ্রাকৃত হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। এর গল্প আবর্তিত হয়েছে একটি প্রাচীন অভিশাপ, পারিবারিক ইতিহাস এবং রহস্যময় প্রাসাদকে ঘিরে। ভৌতিক আবহের পাশাপাশি এতে রয়েছে মনস্তাত্ত্বিক ভয়, বিশ্বাসঘাতকতা ও পারিবারিক দ্বন্দ্বের নানা উপাদান।
সিনেমার গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। কিন্তু সেই চিত্রকর্ম আবিষ্কারের মধ্য দিয়েই অজান্তে এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটে। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাকে।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। দাদার ডাকে প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয় ক্যান। কিন্তু প্রাসাদে পা রাখার পর থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি। ঘন কুয়াশায় পুরো প্রাসাদ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একসময় সামনে আসতে থাকে পরিবারের অতীতের ভয়ংকর সব রহস্য।
প্রাসাদের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন মিসরের এক অভিশাপ। অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে আবারও জেগে ওঠে অশুভ শক্তি। এরপর বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা ও একের পর এক অতিপ্রাকৃত আক্রমণে বাড়তে থাকে আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত বাসাককে নিতে হয় কঠিন এক সিদ্ধান্ত। তার সেই সিদ্ধান্তের ওপরই নির্ভর করে পুরো পরিবারের ভবিষ্যৎ।
তুর্কি হরর সিনেমায় জিন ও অতিপ্রাকৃত বিষয়কে কেন্দ্র করে গল্প নির্মাণের প্রবণতা থাকলেও ‘সয়’ সেদিক থেকে কিছুটা আলাদা। এখানে প্রাচীন মিসরের অভিশাপ, রহস্যময় চিত্রকর্ম এবং বংশপরম্পরায় বয়ে চলা অন্ধকার ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে রহস্য ও ভৌতিক আবহের পাশাপাশি দর্শকদের সামনে উঠে আসবে একটি পরিবারের অতীতের নানা অজানা অধ্যায়।
তুর্কি সিরিজের জনপ্রিয়তার সুবাদে দেশটির চলচ্চিত্র নিয়েও আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ বাড়ছে। সেই আগ্রহের ধারাবাহিকতায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘সয়’ মুক্তি পাওয়ায় ভিন্ন স্বাদের হরর সিনেমাপ্রেমীদের জন্য তৈরি হয়েছে নতুন একটি দেখার সুযোগ।
এসএ/