গাজীপুরে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
গাজীপুরের পূবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রেলওয়ে সূত্র এ খবর নিশ্চিত করেছে।
ট্রেনের যাত্রীরা জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। ওই অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে আশপাশের লোকজন পানি ছিটিয়ে এবং ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান বলেন, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এসএ/