© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

শেয়ার করুন:
জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
ভারতের আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে শুক্রবার (১৩ নভেম্বর) নতুন প্রজ্ঞাপন জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়েছে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহযোগিতা করছেন। এসব কর্মকাণ্ড ভারতের অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী। তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ প্রচার এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও আনা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জাকির নায়েকের বক্তব্য বিশ্বের লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। এসব বক্তব্যের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগ তুলেছে ভারত সরকার।

সরকারের আশঙ্কা, সংগঠনটির কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় সংগঠিত হয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। এতে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ছেড়ে যাওয়ার পর থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার প্রতিষ্ঠিত সংগঠনটির বিরুদ্ধে ভারত সরকারের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ নতুন করে বাড়ানো হলো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএ/


মন্তব্য করুন