© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫০ বছর বাঁচার স্বপ্ন পুতিনের, চলছে বানরের রক্ত নিয়ে পরীক্ষা

শেয়ার করুন:
১৫০ বছর বাঁচার স্বপ্ন পুতিনের, চলছে বানরের রক্ত নিয়ে পরীক্ষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষা ঘিরে রাশিয়ায় চলছে বিশেষ গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে হাজারো বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করছেন দেশটির বিজ্ঞানীরা। গবেষণার লক্ষ্য বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বোঝা এবং মানুষের আয়ু বাড়ানোর কৌশল খুঁজে বের করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই দীর্ঘায়ু গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের বিজ্ঞানবিষয়ক ঘনিষ্ঠ পরামর্শক হিসেবে পরিচিত।

গবেষণার অন্যতম কেন্দ্র রাষ্ট্রীয় কুরচাতভ ইনস্টিটিউট। সেখানে ২২ প্রজাতির ৭ হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে বয়স্ক বানরদের নিয়ে আলাদা গবেষণা চালানো হচ্ছে। কয়েকটির বয়স ৩০ বছরেরও বেশি। এসব বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা।

মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর গবেষণা চলছে। বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণের জন্য তাদের পূর্ণাঙ্গ পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রক্তের জৈব-রাসায়নিক বিশ্লেষণ, শারীরিক গঠন ও রক্তনালি পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

কোভালচুক বলেন, ‘প্রাইমেটরাই আমাদের সবচেয়ে কাছের উদাহরণ। আয়ু বাড়ানোর জন্য একটি নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির ভিত্তি তৈরি করবে এই গবেষণা।’

এ ছাড়া অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের কাছ থেকে সংগ্রহ করা রক্তের নমুনা দিয়ে বিশেষ রক্তের ব্যাংক তৈরি করেছেন গবেষকেরা। পেট্রোভস্কি রাশিয়ান সায়েন্টিফিক সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তানতিন কোটেনকো বলেন, এসব নমুনা বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বুঝতে গবেষকদের সহায়তা করবে।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার সংশ্লিষ্টতার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। কোভালচুকের ৭৪ বছর বয়সী ভাই ইউরি রাশিয়ার ধনকুবেরদের একজন এবং পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ‘পুতিনের মানিব্যাগ’ নামে পরিচিত।

মিখাইল কোভালচুকের পাশাপাশি পুতিনের মেয়ে মারিয়া ভরোনৎসোভাও দীর্ঘায়ু নিয়ে গবেষণার উদ্যোগে যুক্ত। ৪১ বছর বয়সী মারিয়া পেশায় অন্তঃস্রাব বিশেষজ্ঞ। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বার্ধক্য মোকাবিলা এবং ‘মৃত্যুকে পরাজিত’ করার লক্ষ্যে ওষুধ তৈরির পরিকল্পনা তুলে ধরেন।

মারিয়া বলেন, দীর্ঘায়ু নিয়ে গবেষণার ‘প্রধান চালিকাশক্তি’ হলো ‘মৃত্যুর অস্তিত্বগত ভয়’। তবে এ সময় তিনি পুতিনের নাম উল্লেখ করেননি।

পুতিনের বার্ধক্যবিরোধী আগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসে গত বছর চীনের রাজধানী বেইজিং সফরের সময়। সেখানে একটি খোলা মাইক্রোফোনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তাঁর আলোচনা ধরা পড়ে।

আলোচনায় পুতিন বলেন, অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের অগ্রগতি মানুষকে ধীরে ধীরে আরও তরুণ করে তুলতে পারে। এমনকি অমরত্ব অর্জনও সম্ভব হতে পারে। তাঁর ভাষায়, ‘যত বেশি দিন বাঁচবেন, ততই তরুণ হবেন।’

পরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলনে পুতিন বলেন, ‘সম্ভবত ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব।’ তবে এরপর তিনি মন্তব্য করেন, এত বছর বেঁচে থাকাও যথেষ্ট নয়।

দীর্ঘায়ু গবেষণার পাশাপাশি জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং এবং জেনোট্রান্সপ্লান্টেশন নিয়েও দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে রাশিয়া। জেনোট্রান্সপ্লান্টেশন হলো এক প্রজাতির প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীতে অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপনের প্রক্রিয়া। রাশিয়ার গবেষকেরা মানুষের সঙ্গে জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তৈরির চেষ্টা করছেন।

এ ছাড়া বার্ধক্য বিলম্বিত করতে ‘বিশ্বের প্রথম ওষুধ’ তৈরির কাজ করছেন রুশ বিজ্ঞানীরা। এ ওষুধে আরএজিই (RAGE) নামের একটি গুরুত্বপূর্ণ জিনের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

এমআই/

মন্তব্য করুন