খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
ছবি: সংগৃহীত
১১:৫৯ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার আলুটিলা পুনর্বাসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা।
আহতদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার অভিযোগ করে বলেন, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা পুর্নবাসন এলাকায় স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় চার বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপর সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এমআই/