রুপালি পর্দার কিংবদন্তি ভিলেন রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত
০২:১১ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
ঢাকাই সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর আজকের দিনে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। পেশাজীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। অভিনয়ে আগ্রহ থাকায় জড়িয়েছিলেন মঞ্চ নাটকে। মঞ্চ থেকে কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে।
ঢালিউডে নায়ক হয়ে রাজীব পা রাখেন ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমায়। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান। অভিনয় ক্যারিয়ারে নায়ক হয়ে অভিষেক হলেও ধীরে ধীরে ভিলেন চরিত্রে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি।
ঢাকাই সিনেমায় প্রায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করে দর্শক মহলে স্থায়ী রাজত্ব তৈরি করেন গুণী এ অভিনেতা। কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কারসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।
অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর ও খলচরিত্রে অসাধারণ অভিনয়ের পাশাপাশি রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।
গুণী এ অভিনেতাকে হারানোর ২২ বছর পেরিয়ে গেছে। তবে পর্দায় তার শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়গুণে দর্শক হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ঢাকাই সিনেমার এ খলনায়ক। রাজীবের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই ইত্যাদি।
এসএ/