© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও কাউন্সিল’ গঠন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও কাউন্সিল’ গঠন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
ক্যান্সার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনাকে কার্যকরভাবে সমন্বয় করতে সরকার একটি ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবার উন্নয়ন ও জোরদারকরণে আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট মিশন’-এর অংশ হিসেবে জাতীয় অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।



প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, ক্যান্সার নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা ত্বরান্বিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই ইমপ্যাক্ট মিশন কাজ করছে। মিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও কাউন্সিল গঠনের উদ্যোগ নেবে। 

তিনি বলেন, “আমরা চাই ক্যান্সারের কারণে আর একটি পরিবারও যেন নিঃস্ব হয়ে না যায়।”

দেশে স্তন (ব্রেস্ট), কোলোরেক্টাল এবং মুখগহ্বরের (ওরাল) ক্যান্সারে মৃত্যুর হার বেশি উল্লেখ করে আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. এম এ মুহিত বলেন, এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ পাঠ্যক্রমে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিংয়ের সুনির্দিষ্ট বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে, যাতে প্রান্তিক পর্যায় থেকেই দ্রুত রোগ শনাক্ত করা যায়।



ক্যান্সার নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর দেন। তিনি জানান, সারা দেশে রেডিয়েশন থেরাপি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তি ছড়িয়ে দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। 

পাশাপাশি খাদ্যে ভেজাল রোধ ও ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণে তিনি বলেন, ধূমপান নিয়ন্ত্রণে সরকার যেভাবে কর বৃদ্ধি ও নীতিগত পরিবর্তন এনেছে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমন অন্যান্য খাদ্য ও পণ্যের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. এন্থনি এশোফনিসহ দেশি-বিদেশি ক্যান্সার বিশেষজ্ঞরা।

এমআর/ 

মন্তব্য করুন