‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ -ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি
ছবি: সংগৃহীত
০৫:১৮ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
‘আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’
রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে এভাবেই হুমকি দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী রাকায়েদ হোসেন রুকু। তাদের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এমন ঘটনা ঘটে।
ছাত্রলীগ কর্মী রুকুকে প্রথমে বলতে শোনা যায়, ‘ওসি মোহনপুর, ভালো আছেন।’ জবাবে ওসি বলেন, ‘ভালো আছি, নতুন জয়েন করেছি। গত ৪ তারিখে এসেছি। আমার নাম আতিকুর রহমান। রুকু বলেন, ‘আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের এলাকার অতিথি। এসব বিষয় নিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে হয়রানি করবেন না।’
এরপর ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’ রুকু বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’
‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই’ মন্তব্য করে ছাত্রলীগ কর্মী আরও বলেন, ‘আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি, আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনি নতুন এসেছেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। ধন্যবাদ।’
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এসপি স্যার ছুটিতে আছেন। তিনি ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমআর/