© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানে মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন গ্রেপ্তার

শেয়ার করুন:
জাপানে মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
জাপানের ওকিনাওয়া দ্বীপে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওকিনাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় মিত্র দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সম্পর্কে চলমান উত্তেজনার মাঝে শনিবার (১৪ নভেম্বর) মার্কিন ওই পাইলটকে গ্রেপ্তার করেছে জাপানি পুলিশ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ ওঠার পর তা নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপর ওকিনাওয়া দ্বীপে মার্কিন সৈন্যদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে টোকিও ও ওয়াশিংটন নতুন কিছু পদক্ষেপে রাজি হয়েছে। তার ঠিক এক সপ্তাহ পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় ৫৪ হাজার সদস্য জাপানে অবস্থান করছেন; যাদের বেশিরভাগই ওকিনাওয়ায় রয়েছেন। সেখানে অবস্থানরত মার্কিন সৈন্যদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা এই দুই ঘনিষ্ঠ মিত্র দেশের সম্পর্কে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, তারা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সাধারণ সৈন্যদের জন্য কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি, মধ্যরাত থেকে ভোর ৫টার মধ্যে কোনো সেনাসদস্য বাড়ির বাইরে গিয়ে মদপান করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ওকিনাওয়া প্রিফেকচারাল পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, পুলিশ ওই ২৭ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। তিনি শনিবার ভোর ৩টা ৯ মিনিটের দিকে ওকিনাওয়ার একটি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

তিনি বলেন, ‌ওই সৈন্য মার্কিন কর্তৃপক্ষের জারি করা কারফিউ ভেঙেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ বলছে, গ্রেপ্তারকৃত এই ক্যাপ্টেন ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে দায়িত্ব পালন করছিলেন।

তবে এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন বিমান ঘাঁটির কোনো কর্মকর্তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

সূত্র : এএফপি

এমআর/ 

মন্তব্য করুন