© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশ্যে সমালোচনা, গোপনে আরবদের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

শেয়ার করুন:
প্রকাশ্যে সমালোচনা, গোপনে আরবদের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব ইসরায়েলি দলগুলো রেকর্ড ১৯টি আসন জয়ের পর তাদের নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি গোপনে আবার আরবদের কাছেই সহায়তা চেয়েছেন।

ইসরায়েলি আরব দলের জোট জয়েন্ট লিস্টের সাংসদ আহমেদ তিবি এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর একটি অনুষ্ঠানে গিয়ে আহমেদ তিবি তার মোবাইল ফোনে নেতানিয়াহুর কাছের লোক নাতান ইসাহেলের পাঠানো মেসেজ দেখিয়েছেন। তবে সেখানে কী লেখা আছে তা বোঝা না গেলেও, আহমেদ তিবি বলেছেন, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি তাদের সহায়তা চেয়েছিল।

আহমেদ তিবি সংবাদমাধ্যমটিকে বলেন, তিনি সাধারণত গোপন মেসেজ প্রকাশ করেন না। তবে নেতানিয়াহু গত সপ্তাহে পার্লামেন্টের অনুষ্ঠানে প্রকাশ্যে আরব দলগুলোর সমালোচনা করার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। যেখানে নেতানিয়াহু দাবি করেন, আরব দলগুলো নির্বাচন চুরি করেছে এবং তারা ইসরায়েলের ধ্বংস চায়।

তিবি নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেন, “আপনি ভণ্ড, আপনি নির্বাচনের এক সপ্তাহ আগে আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন, নির্বাচনের পরদিন, আবার ফলাফল প্রকাশের পর।”

বর্তমানে সরকার গঠনে দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটকে কোনো সহায়তা না করতেও নেতানিয়াহুর দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়ছেন আহমেদ তিবি।

তিনি বলেছেন, “আমাদের বলছে, তাদের (গাদি আইজেনকোটের জোট) বিশ্বাস করবেন না। তারা আপনাদের নেবে না। ভালো হয় তাদের সরকার গঠন করতে না দিয়ে আরেকবার নির্বাচনের পথ করে দিলে।” 

তবে তিনি এ প্রস্তাবে রাজি হননি জানিয়ে আহমেদ তিবি বলেছেন, “আরব দলগুলো পুনঃনির্বাচন চায় না। এর বদলে নেতানিয়াহু ও উগ্রপন্থি ইতামার বেন গিভিরকে আমরা সরাতে চাই।”

সূত্র: চ্যানেল-১২

এমআর/

মন্তব্য করুন