© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপদ খাবার পৌঁছে দেওয়াও সরকারের দায়িত্ব: খাদ্যমন্ত্রী

শেয়ার করুন:
নিরাপদ খাবার পৌঁছে দেওয়াও সরকারের দায়িত্ব: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১১ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভাণ্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, খাদ্যনিরাপত্তা শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।

শনিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী আমন ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সরকারি গুদামে পর্যাপ্ত ধান ও চালের মজুত গড়ে তুলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম সচল রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহমূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের মূল্য পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা যাবে না বলেও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ৫ লাখ মেট্রিক টন শিদ্ধু চাউল ও ৫০ হাজার টন আতব চাউল নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ করা হবে ১৪ নভেম্বর থেকে ২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আর চাউল সংগ্রহ করা হবে ডিসেম্বর মাস থেকে।

এর মধ্যে ঢাকা বিভাগে সংগ্রহ করা হবে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন। মানিকগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২২ মেট্রিক টন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

আরআই/

মন্তব্য করুন