কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ১৫ নভেম্বর, ২০২৬
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন মমতাজ আক্তার বেবি। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমআই/