জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীদের সঙ্গে প্রযোজ্য আইনি আচরণ অব্যাহত রাখবে সরকার। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সবার বিচারকাজ প্রশ্নাতীত রেখে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সংসদ সদস্যের তোলা পয়েন্ট অব অর্ডারের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে গত ১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া হাজির করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একজন অভিযুক্তকে এভাবে আদালতে হাজির করায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনি ব্যবস্থার দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা হয়।
এ দিন সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন সংসদ সদস্য তাহসীনা রুশদীর। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি না পরিয়ে আদালতে হাজির করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মো. আসাদুজ্জামান বলেন, আদালতে প্রবেশপথে বিষয়টি সরকারের নজরে আসার পরপরই আদালত থেকে বের করার সময় তাকে কুখ্যাত অপরাধী হিসেবেই বের করা হয়েছে। ভবিষ্যতে তাকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেয়া হবে না এবং প্রযোজ্য আইনি আচরণই অব্যাহত রাখা হবে।
একই বক্তব্যে আইনমন্ত্রী জানান, বিগত সময়ে মানবতাবিরোধী অপরাধে যারা যুক্ত ছিলেন, সরকারের নেয়া পরিকল্পনা অনুযায়ী তদন্ত কর্মকর্তারা শিগগিরই জেলায় জেলায় যাবেন। তদন্ত দল এলাকায় গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।
আরআই/