চাঁদার দাবিতে হুমকি‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’
ছবি: সংগৃহীত
০৬:০৭ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় চাঁদা না পেয়ে এক বাড়িতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাফর আহমেদ বলেন, ‘মাস দশেক আগে আমাকে কাতারের একটা নম্বর থেকে ফোন করা হয়। তখন আমার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে তাকে নিয়ে ভারতে ছিলাম। গত বুধবার আবার ফোন করে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছে।
রবিবার রাতে এসে গুলি করে গেছে। গুলি করে চলে যাওয়ার পর তারা আমার মুঠোফোনে সরাসরি ফোন করে বলেছে- আজকে বিল্ডিংয়ে গুলি করছি। টাকা না দিলে পরের বার গায়ে গুলি করব।’
তিনি জানান, ফোনের ওপ্রান্ত থেকে রায়হান পরিচয়ে কথা বলেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর নামের এক ব্যক্তি। তিনি ভূমি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। তার কাছ থেকে ২০ লাখ চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সাথে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এদিকে রাতে ভবন মালিক জাফর বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন সবে ভারত থেকে স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে আসার কথা বললে রায়হান আর যোগাযোগ করেনি। গত বুধবার তাকে পুনরায় ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল। এরপর রাতে ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতেন না।
কেএন/