তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজর-উর-রহমান আর নেই
ছবি: সংগৃহীত
০৬:৫৫ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
দীর্ঘদিন দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নজর-উর-রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের খবরে পাকিস্তানসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১৯২৯ সালে রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নযরুর রহমান। তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
উল্লেখ্য, সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তার ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
সূত্র: দ্য ন্যাশনাল
আরআই/