© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ই-ক্যাব নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ এমপির স্ত্রীর বিরুদ্ধে

শেয়ার করুন:
ই-ক্যাব নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ এমপির স্ত্রীর বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রেসিডেন্ট প্রার্থী সাকিফ শামীমের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সংগঠনটির আরেক প্রেসিডেন্ট প্রার্থী জান্নাতুল হক শাপলার বিরুদ্ধে।

জান্নাতুল হক শাপলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ধানমন্ডিতে অবস্থিত ই-ক্যাবের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মঙ্গলবার আসন্ন ই-ক্যাব নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী সাকিফ শামীমের দুইজন প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করতে ই-ক্যাব কার্যালয়ে যান। এ সময় তাদের মনোনয়নপত্র কিনতে বাধা দেন শাপলা হকের অনুসারীরা। একপর্যায়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা একজনের হাত থেকে সেটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন তাঁরা। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার বিষয়ে অভিযোগ করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট প্রার্থী সাকিফ শামীম এনপিবি নিউজকে বলেন, আমার দুজন প্রতিনিধি ফর্ম নিতে গিয়েছিলেন। এসময় ওখানে উপস্থিত কয়েকজন আমার লোকজনের ওপর প্রচণ্ড চড়াও হয় এবং গালাগালি করে।

তিনি বলেন, সেখানে শাপলা আপা ছিলেন সেখানে পরে উনি বলেন তাদের ফর্ম ছিঁড়ে ফেল। পরে সেখানে উপস্থিত আনোয়ার সাদাত নামে একজন ক্যান্ডিডেট যে ফাইনান্স সেক্রেটারি ক্যান্ডিডেট সে আমার লোকজনকে ধাক্কা দেয় এবং আমার ফর্মটা ছিঁড়ে ফেলে।

তিনি বলেন, পরে আমরা আবার তাদের বিভিন্নভাবে দেনদরবার, মেকানিজম করে পরে আমরা আবার ফর্ম তুলে ফাইনালি খুব কষ্ট করে জমা দেই।

কেন আপনার মনোনয়ন ফর্ম ছিঁড়ে ফেলা হলো এমন প্রশ্নের জবাবে সাকিফ শামীম বলেন, আসলে তাদের মূল লক্ষ্য ছিল যে তারা একটা সাজানো নির্বাচন করবে এবং তারা চাচ্ছিল যে তারা সিঙ্গেল প্রার্থীতা ঘোষণা করতে। এজন্য তারা আরেকজন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, এটা তারা করেছে নির্বাচনটাকে যেন বৈধতা দেয়া যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট প্রার্থী জান্নাতুল হক শাপলা এনপিবি নিউজকে প্রথমে এ সম্পর্কে কিছু জানেন না বললেও পরে বলেন, এ ধরণের অভিযোগ ভিত্তিহীন। যে কেউ অভিযোগ করলেই তো হবে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, যদি এমন কিছু হতো তাহলে তিনি মনোনয়ন জমা দিলেন কিভাবে। এটার কোনো ভিত্তি প্রমাণ আছে এটা সে (সাকিফ শামীম) দেখাতে পারবে?

শাপলা হক আরও বলেন, এমন অভিযোগ তো আমিও করতে পারি। কেউ অভিযোগ করলেই তো হয়ে যাবে না। যিনি অভিযোগ করেছেন তিনি যেন প্রোপার এভিডেন্স (উপযুক্ত প্রমাণ) দিয়ে অভিযোগ করে। নাহলে ওনার বিরুদ্ধে ফালতু অভিযোগ করার কারণে মানহানীর মামলা করা হবে বলেও জানান শাপলা হক।

মনোনয়ন কেনার বিষয়ে জানতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) হেড অব সেক্রেটারিয়েট এস. এম. ইকরামুল হক বলেন, সাকিফ শামীম একাধিক মনোনয়ন কিনেছেন, তবে কেন কিনেছেন সেটা জানি না।

মনোনয়ন ছিঁড়ে ফেলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সাকিফ শামীম সাহেব এ বিষয়ে কোনো অভিযোগ দেননি এবং আমিও এই বিষয়ে কিছু শুনিনি।

কেএন/

মন্তব্য করুন