সাবেক এমপি রতনের বাড়িতে পুলিশের অভিযান, পিএস আটক
ছবি: সংগৃহীত
১১:১০ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামের বাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়েছেন- এমন খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত সোয়া ১টার দিকে উপজেলার ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত ‘হাওর বাংলা’ বাড়িতে এ অভিযান চালানো হয়।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ১টার দিকে পুলিশ খবর পায়, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাড়ির উঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে বাবুল আক্তারকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি বাঁশের লাঠি, সাতটি কাঠের চলা, ছোট-বড় ১৫টি ইটের টুকরা এবং বিভিন্ন ধরনের নয় জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক বাবুল আক্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
আরআই/