© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের বিপক্ষে বড় লিডের আশা দক্ষিণ আফ্রিকার

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে বড় লিডের আশা দক্ষিণ আফ্রিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে লিডের আশা ছাড়ছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যান। প্রথম ইনিংসে ১৫৭ রান করা এই ব্যাটারের মতে, এখন দুই দলের কেউই এগিয়ে নেই।

অ্যাকারম্যান বলেছেন, ‘আমার মনে হয় না এখনও কেউ এগিয়ে আছে। দিনটা দারুণ ছিল আমাদের জন্য। আমাদের ভালো জুটি হচ্ছে, এগিয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে আশা করি ৪০০ রান পার করে যেতে পারব। আশা করি ম্যাচ পাঁচ দিনে যাবে। সামনে বল আরও নিচু হবে। ফলে ব্যাট করাটা বেশ কঠিন হবে। শেষ দুই দিন ব্যাটিং করা কঠিন হবে ফলে প্রথম ইনিংসটা আমাদের জন্য বেশ জরুরি।’

শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে আউট হওয়া প্রসঙ্গে অ্যাকারম্যান জানিয়েছেন, ‘দিনের শেষ পর্যন্ত ব্যাট করে যেতে পারলে ভালো হতো। স্পিনের বিপক্ষে আমার মনে হয়েছে ভালো সুযোগ ছিল। উইকেটে অত টার্ন ছিল না। ভালো উইকেট ছিল। আমার মনে হয়েছে স্পিনারদের বিপক্ষে রান করে তাদেরকে চাপে ফেলে দেওয়ার সুযোগ ছিল। দ্রুত কিছু রান বের করে তাদেরকে চাপে ফেলে দেওয়া দরকার। এমন বড় সেঞ্চুরিতেই তারা চাপে পড়বে। এটা আমার এবং হামজার পরিকল্পনা ছিল। যেহেতু তাদের ৩ পেসার খেলেছে। এখনই কিছু রান করা দরকার ছিল। চেয়েছি অন্তত একজন যেন বড় একটা সেঞ্চুরি করতে পারি।’

অ্যাকারম্যান আরও বলেছেন, ‘আসলে এখানের উইকেট নতুন বলে বোলারদের সাহায্য করে। আমি ব্যাপারটা আগেই জানতাম। বল কিছুটা দ্রুত এসেছে নতুন বলে। আমি চেয়েছি নতুন বলে সময়টা কাটিয়ে দিতে, যেভাবেই হোক। ২, ৩ বা ৪ নম্বর স্পেলে তাদেরকে বোলিংয়ে আনতে চেয়েছি। যত লম্বা সময় টানতে পারব, তত মিডল অর্ডারের কাজ সহজ হবে। আমরা জানি আমাদের মিডল অর্ডার কতটা ভয়ঙ্কর হতে পারে। এখনও অনেক কাজ করা বাকি আছে। তবে আমি বলব কালকে বড় লিড নেওয়ার ভালো সুযোগ আছে।’

এফআর/

মন্তব্য করুন