© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

শেয়ার করুন:
গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই নতুন করে সদস্য মোতায়েনের মূল লক্ষ্য।

এর আগে, গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চলমান পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হচ্ছে। ফলে গাজীপুরে মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃঙ্খল এসব সদস্য সংঘবদ্ধ সহিংসতা, মব-দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুত থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে তাদের মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও সুসংহত হবে। একইসঙ্গে সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

দেশের শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিশেষ প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে সংকটময় পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং জনজীবনে স্বাভাবিক গতি বজায় রাখতে বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এমআর/ 

মন্তব্য করুন