নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান সরকারের
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর ২০২৬ লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে দলটির কার্যক্রম স্থগিত রয়েছে। ওই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে সরকার বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে— এমন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।
এ ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভেতরে কিংবা বিদেশে— কোনো নাগরিকই যেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
কেএন/