© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৭ ঘণ্টা পর সেই মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী

শেয়ার করুন:
৩৭ ঘণ্টা পর সেই মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৭ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তার স্ত্রী মীম আক্তার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তিনি মরদেহ গ্রহণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, মেহেদীর স্ত্রী মীম আক্তার হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত মেহেদীর খালাতো ভাই জিসান আহমেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে মেহেদীর মরদেহ মধ্য বাড়েরা এলাকায় নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। সেখানকার পরিস্থিতি ভালো না থাকায় অন্য কোথাও মরদেহ দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে তারা বর্তমানে মাসকান্দা এলাকায় অবস্থান করছেন। তবে কোথায় দাফন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় মেয়ের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল সদস্য সুরুজ জামানকে (৩৫)। এ হত্যাকাণ্ডের পর ওই রাতেই মেহেদীদের বাড়িতে আগুন দেয়া হয়। বাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হন মেহেদী। পরে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। নিহত মেহেদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তার মরদেহ হাসপাতালের মর্গে ছিল।

এর আগে সোমবার সন্ধ্যায় মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন হাসপাতালের মর্গে আসেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পুলিশ তাদের থানায় যোগাযোগ করতে বললেও পরে তারা আর যোগাযোগ করেননি। এমনকি নিজেদের নাম-পরিচয় বা ফোন নম্বরও দিয়ে যাননি।

কেএন/




মন্তব্য করুন