© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, জাতিসংঘের উদ্বেগ

শেয়ার করুন:
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, জাতিসংঘের উদ্বেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ এএম | ১৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের এক ডজনের অধিক শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের কথা স্বীকার করলেও প্রতিবাদের নামে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সমর্থকরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এই ব্যাংকটির ওপর হামলার পেছনে তার প্রতি ক্ষোভ কাজ করছে বলে মনে হচ্ছে। উল্লেখ্য, অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

এ পরিস্থিতিতে জাতিসংঘ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করবে, নাকি এ বিষয়ে সংস্থাটির কোনো বক্তব্য রয়েছে- তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ফারহান হক বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

জাতিসংঘের প্রকাশিত সংবাদ সম্মেলনের পূর্ণাঙ্গ প্রতিলিপিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্নোত্তর পর্বে সংস্থাটির এই অবস্থান উঠে আসে। সূত্র: জাতিসংঘ

একেএস

মন্তব্য করুন