© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

শেয়ার করুন:
শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি ঢাকায় এসেছেন। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

ঢাকা বিমানবন্দরে মুকেশ ঋষির হাতে ফুলের তোড়া তুলে দেন আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়। আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’।



আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার। নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি।

শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। তবে তার অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

কেএন/

মন্তব্য করুন