© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক অফিসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

শেয়ার করুন:
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক অফিসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এতে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১টা ২৪ মিনিটের দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংকের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা বা ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে জানালায় আগুন ধরে যায়। সে সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও বাইরে একজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আগুন দেখতে পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে দুটি জানালা ক্ষতিগ্রস্ত দেখতে পান বলে জানান শামসুদ্দোহা।

ব্যাংক সূত্রে জানা গেছে, ভবনটির ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস রয়েছে। এই জোনাল অফিসের অধীনে রাজশাহীসহ কয়েকটি জেলার ৮২টি শাখা ও আটটি এরিয়া অফিস পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ এই কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ব্যাংকের এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়। এ সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এফআর/

মন্তব্য করুন