© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোশাকশিল্প বাঁচাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি বিরোধীদলীয় নেতার

শেয়ার করুন:
পোশাকশিল্প বাঁচাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি বিরোধীদলীয় নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
দেশের তৈরি পোশাকশিল্পসহ রফতানিমুখী শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, শিল্প বাঁচলে শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং মালিকরাও বাঁচবেন। এ খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন হলে অন্য কারখানায় হামলা, সিরামিক কারখানায় ভাঙচুর কিংবা বিদ্যুৎ অফিসে আগুন দেওয়া হচ্ছে কেন? এসব ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তি রয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘কোনও শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না। আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার নিজের ঠিকানা।’

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে যারা কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে হামলা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষ থেকেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

পোশাকশিল্পের সংকট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, এ খাতের উদ্যোক্তাদের উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের ঋণের সুদের হার বেশি। ব্যাংক খাতের দুরবস্থার কারণে প্রয়োজনীয় কার্যকরী মূলধন ও মূলধনি যন্ত্রপাতি আমদানির অর্থায়নও পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি অ্যাকসেসরিজ ও অন্যান্য উপকরণ সংগ্রহে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। কর ও অতিরিক্ত করসংক্রান্ত জটিলতারও দৃশ্যমান সমাধান হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পোশাকশিল্পের অনেক কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এ নির্ভরতা কমাতে দেশেই প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় চাহিদার বড় অংশ নিজেদের উৎপাদন থেকে পূরণের উদ্যোগ নেওয়া উচিত।

ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। পরোক্ষভাবে আরও প্রায় ৪০ লাখ মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। অর্থাৎ প্রায় ৮০ লাখ মানুষের কর্মসংস্থান এ শিল্পের ওপর নির্ভরশীল। প্রতি পরিবারে চারজন সদস্য ধরলে প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের জীবন-জীবিকা এর সঙ্গে সম্পৃক্ত।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় তুলে ধরে তিনি বলেন, ১২ হাজার টাকা প্রারম্ভিক বেতনে একজন শ্রমিকের পক্ষে বাড়িভাড়া, খাবার, সন্তানের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় মেটানো কঠিন। অন্যদিকে শিল্পের উৎপাদন ও মুনাফা নিশ্চিত না হলে মালিকদের পক্ষেও শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া সম্ভব নয়। এ জন্য শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ বিবেচনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ঘোষণার বাস্তবায়ন দেখতে চান তারা। আগের অধিবেশনগুলোতে অনেক ঘোষণা দেওয়া হলেও সেগুলোর সব বাস্তবায়িত হয়নি। অগ্রাধিকারের ভিত্তিতে শ্রমিকদের জন্য নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়ন করা হলে তাদের মধ্যে আস্থা বাড়বে, কর্মস্পৃহা ও উৎপাদনশীলতা বাড়বে।

চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে দেশের মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব সমস্যা নিয়ে সংসদে একাধিক সদস্য কথা বলেছেন। কিন্তু পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। চাঁদাবাজি বন্ধে সরকারকে মজবুত সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখনই সংশ্লিষ্ট মন্ত্রীরা বক্তব্য দেন, তখন বলেন আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু আগের চেয়ে ভালো হতে হতে দেশ এখনো ভালো অবস্থায় পৌঁছাতে পারেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের ভোগান্তি বেড়েছে।

তিনি বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন বিধিতে নোটিশ দিয়ে মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু এসবের বিরুদ্ধে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ। আজকে দ্রব্যের মূল্য দ্বিগুণ, তিন গুণ, আড়াই গুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।’

তিনি বলেন, শিল্পখাতেও চাঁদাবাজির প্রভাব পড়ছে। এ বিষয়ে একজন শিল্পোদ্যোক্তার বক্তব্য সংসদে উঠে এসেছে। সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের সংসদ সদস্যরাই চাঁদাবাজির সমস্যা অনুভব করেন। তাহলে সম্মিলিতভাবে এ সমস্যার সমাধান করা যাচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা পারব। শুধু মজবুত সিদ্ধান্তের আমাদের প্রয়োজন। সেই সিদ্ধান্তটা আমার দৃষ্টিতে এখনও নেওয়া হয়নি।’

সরকারের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। অন্যদিকে বিরোধী দলের দায়িত্ব সরকারের ন্যায়সংগত কাজকে এগিয়ে নেওয়া এবং ভুল হলে তা দেখিয়ে দেওয়া।

সমালোচনা গ্রহণের মানসিকতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তব সমালোচনাকে উৎসাহিত করতে হবে। সমালোচনার জবাবে সমালোচককে হেয় করা উচিত নয়। রোগ নির্ণয়ে ভুল হলে চিকিৎসাও যথাযথ হয় না। একইভাবে সমস্যার সঠিক চিত্র স্বীকার না করলে তার সমাধান সম্ভব নয়।

এমআর/ 

মন্তব্য করুন