ফিফা র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়ল মরক্কো
ছবি: সংগৃহীত
০৮:৩২ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
ফিফা র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকান দেশটি। আরব ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনো দল জায়গা করে নিল বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে মিসর।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৮০৯.৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান মরক্কোর। আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া। আফ্রিকার আর কোনো দল এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি এই অবস্থানে।
আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয় মরক্কোর পয়েন্ট বাড়াতে ভূমিকা রেখেছে। পাশাপাশি পর্তুগাল ও ব্রাজিলের পয়েন্ট কমে যাওয়ায় তাদেরও ছাড়িয়ে গেছে মরক্কো। পর্তুগাল ১৮০১.২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং ব্রাজিল ১৮০০.৯১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
অন্যদিকে, মালাউইয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে গোলশূন্য ড্রয়ের খেসারত দিতে হয়েছে মিসরকে। ৮.৯৮ পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমেছে তারা। দলটির পয়েন্ট এখন ১৫৮০.৪৯। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় এবং আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে রয়েছে মিসর।
আরব দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮তম। সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম এবং জর্ডান রয়েছে ৭২তম স্থানে। এ ছাড়া ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম ও বাহরাইন ৯৭তম স্থানে রয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও ২০০৪.৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৯৬৬.১৩। ১৯৫০.৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। স্পেনকে হারিয়ে ১৯৩৮.৯০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। এছাড়া অষ্টম স্থানে বেলজিয়াম, নবম নেদারল্যান্ডস এবং দশম স্থানে আছে কলম্বিয়া।
এমআর/