© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় আগুন, ভেতরে ছিলেন কর্মকর্তারা

শেয়ার করুন:
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় আগুন, ভেতরে ছিলেন কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখা ও দেলদুয়ার উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। তবে দুটি শাখাতে দ্রুত আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বরাতে পুলিশ জানায়, উপজেলা পরিষদ সংলগ্ন বাসাইল স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচতলার দরজায় পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয়তলায় থাকা অন্যান্য কর্মকর্তাকে ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ে ভবনটির দুটি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুন দেওয়ার ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে দেলদুয়ার গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় বারান্দাসহ সামনের কিছু অংশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় পুলিশ।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের ক্ষতি হয়নি। দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি আমরা।’

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সামনের গেটে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

দেলদুয়ার ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন দেয়। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তারলাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কেউ অভিযোগ দিতে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’

এমআই/

মন্তব্য করুন