বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
ছবি: সংগৃহীত
১১:০৮ এএম | ১৯ নভেম্বর, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। বরের দাবি, মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান তারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিয়ে না করেই ফিরে গেছেন বর ও বরযাত্রীরা। তবে মিষ্টিতে আদৌ বিষ মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বরকে পছন্দ না হওয়ায় কনে তার এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমান (২৫) এবং মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে বর তাওফিকুর রহমানকে নিয়ে তারা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। এ সময় বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। এমন মুহূর্তে বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।
বজলুর রহমানের ভাষ্য, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। বিষয়টি জানালে তারা মিষ্টি পরীক্ষা করে বিষ মেশানোর সন্দেহ করেন। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান তারা। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।
তিনি আরও জানান, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি কনের পরিবারের সদস্যরাও ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন। পরে আতঙ্কিত হয়ে বরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারা। এরপর বিয়ে না করেই বাড়ি ফিরে যান বরযাত্রীরা। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক হাসপাতালে আসেন। তার স্বজনেরা বিয়ের অনুষ্ঠানে বিষ মেশানো মিষ্টি দেওয়ার অভিযোগ করেন। তবে ওই যুবক মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিকেলে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে যান। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায় এমন কথা লোকমুখে শুনেছেন তিনি। তবে ঘটনার সত্যতা নিজে নিশ্চিত হতে পারেননি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার কথা পুলিশের জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর/