অতীতের মতো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে ঢাকা কলেজ: আবদুস সালাম
ছবি: সংগৃহীত
০১:২৭ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রা আর কখনো বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ওই সময়ে আমি ঢাকা কলেজের ডিগ্রির শিক্ষার্থী ছিলম। সে সময় ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে। ঢাকা কলেজের ইতিহাসের অনেক ঘটনার তিনি নিজেই সাক্ষী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজের শিক্ষার্থীরা এ দেশে বহু আন্দোলনের জন্ম দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। ভাষা আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একইভাবে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তারা কলেজের শিক্ষার্থী হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, নতুন করে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আবারও গণতন্ত্রকে নস্যাৎ করা এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঢাকা মহানগরীর আন্দোলনের একজন সংগঠক ও কর্মী হিসেবে বলতে চাই, বহু রক্তের বিনিময়ে আমরা আজকের এই ২৪ আগস্ট অর্জন করেছি। ইনশাআল্লাহ, গণতন্ত্রের অগ্রযাত্রা আর কখনো বাধাগ্রস্ত হতে দেব না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে আবদুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তা সফল হবে বলে আমরা বিশ্বাস করি। দেশের সব জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই যাত্রা গণতন্ত্র প্রতিষ্ঠার মূল লক্ষ্যে পৌঁছাবে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ঢাকা কলেজের প্রতিটি শিক্ষার্থী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা কলেজের অতীত ঐতিহ্য ও গৌরব ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান আবদুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু, ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরআই/