বিশ্ব আদালতের রায়৮ লক্ষাধিক রোহিঙ্গাকে ‘টার্গেট’ করেছিল সেনাবাহিনী, নিহত ১০ হাজার
ছবি: সংগৃহীত
০৫:৩৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাদের সবাইকে ‘টার্গেট’ করা হয়েছিল।
এবং ভয়াবহ সেই সামরিক অভিযানে সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশু।
জাতিসংঘ পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা বৈশ্বিক আদালতে দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায়ে এ তথ্য জানিয়েছেন আইসিজের বিচারক ইয়াসাসাওয়া। মামলার সাক্ষ্য-প্রমাণ আমলে নিয়ে আইসিজে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এবং নিহত রোহিঙ্গাদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রায় পড়ার সময় বিচারক ইয়াসাসাওয়া বলেছেন, “মিয়ানমারে সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রোহিঙ্গাদের সংখ্যা এবং নিহত রোহিঙ্গাদের সংখ্যা উভয়ই বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ সংখ্যার দিক থেকে মিয়ানমারের লক্ষ্যবস্তু হওয়া এই জনগোষ্ঠীকে ‘জেনোসাইড কনভেনশন’ বা গণহত্যা বিষয়ক সনদের আওতায় একটি ‘তাৎপর্যপূর্ণ’ গোষ্ঠী হিসেবে গণ্য করা যায়।”
২০১৭ সালের আগস্ট মাসে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর ভয়াবহ সেই সহিংসতার সামনে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লক্ষাধিক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের আশ্রয় শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া, সেই মামলার রায় ঘোষণা হচ্ছে আজ।
সরাসরি সম্প্রচার হওয়া ১৫ বিচারপতির এই আদালতের রায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য আরও অনেক দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
সূত্র : বিবিসি