কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমমনা জোটের
ছবি: সংগৃহীত
০৭:৩৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মদদে বোমাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ আহ্বান জানান জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের সময়সীমা দিয়েছেন। এ সময়কে সামনে রেখে একটি মহল দেশে অগ্নিসংযোগ, বাসে আগুন ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করা সম্ভব নয়।
নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে দেশে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা আরও সুদৃঢ় করতে হবে। অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতায় জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে।
সমাবেশে জোটের নেতারা বলেন, সহিংসতা ও সংঘাতের রাজনীতি কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন।
বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এমআর/