© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় ৯২ নম্বরে শাহরুখ খান

শেয়ার করুন:
বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় ৯২ নম্বরে শাহরুখ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ২০ নভেম্বর, ২০২৬
বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি। এই তালিকায় জায়গা পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটিকে তার প্রতিনিধিত্বশীল কাজ হিসেবে উল্লেখ করেছে সাময়িকীটি। 

তালিকার শীর্ষে রয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন, চতুর্থ জ্যাক নিকলসন এবং পঞ্চম ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

আর ৯২ নম্বরে রয়েছেন শাহরুখ খান। শাহরুখের পরে ৯৩ নম্বরে রয়েছেন হোয়াকিন ফিনিক্স। এ ছাড়া নিকোলাস কেজ ৮৯, কেট উইন্সলেট ৮৪, এমা স্টোন ৯৪ এবং জেনডায়া রয়েছেন ৯৮ নম্বরে।

ভ্যারাইটির এবার ৯২ নম্বরে থাকা শাহরুখ খানই হলেন এই তালিকায় ভারতের একমাত্র তারকা। এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ। ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা পান তিনি। সেখানেও একমাত্র ভারতীয় ছিলেন শাহরুখ। ২০২৩ সালে টাইম সাময়িকী তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে।



আশির দশকের শেষ দিকে টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। পরে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় তার। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের কারণে ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামেও পরিচিতি পেয়েছেন তিনি।

শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখের মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে।

একেএস

মন্তব্য করুন