নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ১
ছবি: সংগৃহীত
১০:১০ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ঘাঁটি, নোয়াখালীর মাটি’, ‘আজ থেকে চৌমুহনী স্বাধীন’ এমন নানা স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যাংক কার্যালয়ের সামনের দরজা ও ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি কার্যালয়ের দুটি জানালার কাচ ভাঙচুর করেন তারা।
প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থানের পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির দেশের একটি গণমাধ্যমকে বলেন, পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করেছি। ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই মিছিলটিতে ৩০ জনের মতো অংশ নিয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের নাম-পরিচয়সহ শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/