শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা ‘প্রত্যাবর্তন নয়’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর প্রতিষ্ঠাতা মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ হাসিনার পরিণতি হওয়া উচিত ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’।
একই সঙ্গে আওয়ামী লীগকে ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।’
তিনি আরও লেখেন, ‘সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন এড়াতে ২১ আগস্ট, ২০২৪-এ রিকনসিলিয়েশনের কথা তুলেছিলাম। হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’
আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে উল্লেখ করে মাহফুজ আলম লেখেন, ‘সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র।’
তিনি আরও বলেন, ‘চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
এমআই/