২০২৫ সালের যুদ্ধের পর প্রথমবার ভারতে গেলেন পাকিস্তানের মন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৫৯ এএম | ২১ নভেম্বর, ২০২৬
২০২৫ সালের মে মাসে চার দিনের সংঘাতের পর প্রথমবারের মতো ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে গেছেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক নয়াদিল্লিতে পৌঁছান। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে তার এই সফর।
তিন দিনের এই আয়োজনের উদ্বোধন করার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পর শনিবার ফোরামে বক্তব্য দেবেন মালিক। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসসিওর সক্রিয় সদস্য হিসেবে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তাদের এই অংশগ্রহণ। দুই দেশই সফরটিকে এসসিওর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরছে।
এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেটিই ছিল ২০২৫ সালের যুদ্ধের আগের সর্বশেষ কোনো পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে দুই দেশের কোনো সরকারই বিষয়টি নিশ্চিত করেনি। গত ৬ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আমন্ত্রণ পাওয়া গেছে এবং আলোচনার পর অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব জওহর সেলিমের মতে, এ ধরনের ফোরামে কাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হবে, তা নির্ধারণের অধিকার আমন্ত্রিত দেশের।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগির খান মনে করেন, নিজেদের পছন্দের মন্ত্রী পাঠিয়ে পাকিস্তান ভারতের নির্ধারিত কাঠামো বা উপস্থাপনার সঙ্গে একমত না হয়েও এসসিওর সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ রেখেছে। একই সঙ্গে ২০২৭ সালের সম্মেলনের আয়োজক হিসেবে নিজেদের দায়িত্বশীল অবস্থান তুলে ধরতে চায় ইসলামাবাদ।
সন্ত্রাসবাদ ইস্যুতে অনড় ভারত
গত ২৮ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রচলিত রীতি অনুযায়ী সব এসসিও সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পাকিস্তান বিষয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার পরই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়।
ভারতের সাবেক পাকিস্তান হাইকমিশনার শরৎ সবরওয়াল বলেছেন, এসসিওর আয়োজক হিসেবে ভারতকে সব সদস্য দেশকে আমন্ত্রণ জানাতে হয়েছে। তাই এই সফরের মধ্যে বাড়তি কোনো তাৎপর্য খোঁজার কারণ নেই। ভারতের গণমাধ্যমের বিশ্লেষকদের মতে, সন্ত্রাসবাদ ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগে আগ্রহী নয় নয়াদিল্লি।
সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কতটা
২০১৭ সালে দুই দেশ এসসিওতে যোগ দেওয়ার পর সংগঠনটি তাদের একসঙ্গে আসার অন্যতম কয়েকটি মঞ্চের একটি। তবে অতীতের এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি। ২০২৩ সালে বিলাওয়াল ভুট্টো জারদারির ভারত সফরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রকাশ্য বাক্যবিনিময় হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসলামাবাদে এসসিওর বৈঠকে অংশ নিলেও কোনো দ্বিপক্ষীয় আলোচনা হয়নি।
এদিকে পহেলগাম হামলার পর থেকে দুই দেশের প্রায় সব দ্বিপক্ষীয় যোগাযোগ স্থবির। ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। গত ৩১ আগস্ট হেগের একটি সালিশি আদালত জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। তবে আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ২০১৯ সাল থেকে দুই দেশের রাজধানীতে কোনো হাইকমিশনারও নেই।
পাকিস্তান আগামী ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে এসসিওর নেতাদের সম্মেলন আয়োজন করবে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে যাবেন কি না, তা এখনো অনিশ্চিত। পাকিস্তানের সাবেক কূটনীতিক সালমান বশিরের মতে, এসসিও দুই দেশের মধ্যে ন্যূনতম সৌজন্য বজায় রাখার সুযোগ তৈরি করে; তবে এটিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ হিসেবে দেখা ঠিক হবে না। সূত্র : আল জাজিরা
একেএস