© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০০ টাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল, আটক ৬ কিশোর

শেয়ার করুন:
১০০ টাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল, আটক ৬ কিশোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ এএম | ২১ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। মিছিলে অংশ নেয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল ফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী ও জুতার দোকানের কর্মী।

রাতে জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেয়া কিশোররা ‘জয়বাংলা’ স্লোগান দেয় এবং এজন্য তাদের প্রত্যেককে ১০০ টাকা করে দেয়া হয়।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিলে অংশ নেয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কেএন/

মন্তব্য করুন