মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি মানুষ। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
মুখ্যমন্ত্রী বলেন, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুইটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। ঘটনার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মণিপুরের সুংনু শহর থেকে গত এক সপ্তাহে মদ কেনা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি অজ্ঞাত উৎসের মদ পান না করার জন্য সতর্ক করেছে পুলিশ।
ভারতে অবৈধ ও ভেজাল মদপানে মৃত্যুর ঘটনা নতুন নয়। কম দামে বিক্রি হওয়া এসব মদে অনেক সময় মিথানলের মতো বিষাক্ত রাসায়নিক মেশানো হয়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে অন্ধত্ব, যকৃতের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
এর আগে ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: আলজাজিরা
এমআই/