জানুয়ারিতে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার হতে যাচ্ছে: শিশির মনির
ছবি: সংগৃহীত
০৯:৩৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় গুরুত্বপূর্ণ সংস্কার আসছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে দিরাই প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, বর্তমানে যে কার্যক্রম চলছে, তা মূলত প্রস্তুতিমূলক কাজ (গ্রাউন্ড ওয়ার্ক)। এখনো তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। প্রতিবেদন প্রকাশের পর এসব প্রস্তুতিমূলক কাজ বাস্তবে রূপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, আমরা যে রাষ্ট্রকাঠামোর মধ্যে আছি বা এত দিন ছিলাম, তার প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন ছাড়া ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নানা ধরনের নেতিবাচক উপাদান থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সবার উচিত সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা করা এবং রাষ্ট্রকাঠামোকে নতুন ও কার্যকর ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগকে এগিয়ে নেওয়া।
সংস্কার নিয়ে তিনি আরও বলেন, এই সংস্কার কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কিংবা বিপক্ষে নয়। এটি কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়, বিপক্ষেও নয়। বরং এটি সামগ্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে একটি উদ্যোগ। এর মূল লক্ষ্য বাংলাদেশ রাষ্ট্রকে একটি সুসংগঠিত, কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত করা।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই এই সংস্কারপ্রক্রিয়া নিয়ে ভাবা এবং এতে সহযোগিতা করা প্রয়োজন।
এমআই/