© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দুই ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছিলেন। এর সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২৮ প্লাটুন বিজিবিসহ মোট ৫৫ প্লাটুন এবং ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েন করা এক ব্যাটালিয়ন (২৭-২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে তারা কাজ করছেন।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই চলছে রিকশা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারণ মানুষের ভিড়।

তবে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা- গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (২২ নভেম্বর) থেকে ক্লাস ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন