© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

শেয়ার করুন:
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ এএম | ২২ নভেম্বর, ২০২৬
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কি করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পাই, গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং আমাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসের মালিকের বাড়ি এখানেই। এখানে এসে দেখতে পেলাম বাসে আগুন জ্বলছে। এখন কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর/

মন্তব্য করুন