কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার!
ছবি: সংগৃহীত
০১:৪১ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
অভিনয়ের ক্লাসে একটি সাধারণ চরিত্র ফুটিয়ে তুলতেও বেশ বেগ পেতে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ঘরের কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকার অভিনয় শেখার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অনুপম খের জানান, বলিউডে অভিষেকের আগে তার অভিনয় প্রশিক্ষণকেন্দ্র ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। তখন তিনি পরিচিত মডেল। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
অনুপমের ভাষ্য, মডেলিংয়ের কারণে দীপিকার চলাফেরা ও আচরণে ছিল বেশ পরিপাটি ভাব। সবকিছুই তিনি করতেন মার্জিত ভঙ্গিতে। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও থাকত বিশেষ কায়দা। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন পরিপাটি আচরণ বিশ্বাসযোগ্যতা তৈরি করে না।

একদিনের ক্লাসে দীপিকাকে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। কাজটি ছিল মেঝে ঝাড়ু দেওয়া। কিন্তু দীপিকা সেটিও করছিলেন বেশ আকর্ষণীয় ভঙ্গিতে। বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাসার এক গৃহকর্মীকে ক্লাসে নিয়ে আসেন। তাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে দেখান, বাস্তবে কাজটি কিভাবে করা হয়।
এরপর দীপিকাকে আবারও একই দৃশ্য অভিনয় করতে বলেন তিনি। অনুপম জানান, অভিনয়টি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এতে প্রথমে হতাশ হয়ে পড়েন দীপিকা। এমনকি তার চোখে পানি চলে এসেছিল। তবে শেষ পর্যন্ত অনুশীলনের মাধ্যমে কাজটি ঠিকভাবে করতে পেরেছিলেন অভিনেত্রী। পরে অনুপমকে ধন্যবাদও জানান তিনি।
অনুপমের মতে, অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। পাশাপাশি কাজ পাওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বুঝে চলার দক্ষতাও জরুরি।
২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
এসএ/