© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এ বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী জুলাই এবং ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক জায়গায় আসতে বলেছেন। এনসিপি তার সঙ্গে সংস্কারকে যুক্ত করতে বলেছে। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়েছে। ধারাবাহিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস করছে। দেশের পরিস্থিতি কীভাবে উত্তোরণ ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা  দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন। 

বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে। এছাড়া পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ।

তিনি বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জানিয়েছে এনসিপি। 

এনসিপির দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান নাহিদ।

নাহিদ আরও বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়। ভূখণ্ডের বিষয়। এখন ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

বর্ডারে বিজেপি সমাবেশ করছে জানিয়ে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ নেতারাও যুক্ত হয়েছে। বাংলাদেশে যা কিছু হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত। গ্লোবালি তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে। 

বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না উল্লেখ করে নাহিদ বলেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারত সবচেয়ে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।  

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন জানান, সরকার নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে। সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে। 

এই মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থান করতে চায়, সেটির আজ প্রমাণ দেখেছি। 

তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয় উঠে এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদীবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নয়। জুলাই গণঅভ্যুত্থানে ঐক্য হয়েছে। স্বাধীন, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা, স্বনির্ভর বাংলাদেশের পথে সবাই মিলে এগিয়ে যাব।

ফ্যসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে জানান মাহ্‌দী আমিন।

এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, এনসিপি তাদের কথা বলেছে। প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

কেএন/

মন্তব্য করুন