হ্যারি, মেগান ও তাদের সন্তানদের রাজকীয় পদবি কেড়ে নিতে চান উইলিয়াম
ছবি: সংগৃহীত
০৫:৫৩ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর পর রাজ-সিংহাসনে বসবেন তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম; আর সিংহাসনে আরোহনের পরে নিজের ছোটোভাই প্রিন্স হ্যারি, তার স্ত্রী মেগন মার্কের এবং তাদের সন্তানদের রাজকীয় পদবি কেড়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
রাজপরিবার বিষয়ক সাংবাদিক টম সাইকসের প্রকাশিতব্য বই ‘দ্য ডিউকস: এডওয়ার্ড অষ্টম, অ্যান্ড্রু অ্যান্ড হ্যারি — দ্য মেন হু আন্ডারমাইনড দ্য মডার্ন মোনাকি’-তে এই দাবি করা হয়েছে। বইটিতে বলা হয়েছে, বর্তমানে প্রিন্স অব ওয়েলস পদবিধারী উইলিয়াম চান —ব্রিটেনের রাজ পরিবারের যাবতীয় রাজকীয় উপাধি (যেসবের মধ্যে ‘হিজ অর হার রয়্যাল হাইনেস’ (এইচআরএইচ) মর্যাদাও অন্তর্ভুক্ত)—সেগুলো যেন কেবল রাজপরিবারের ‘সক্রিয়’ সদস্যদের জন্যই বরাদ্দ থাকে। এই ‘সক্রিতার’ মধ্যে রয়েছে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ, কূটনৈতিক কাজ এবং সরকারি দায়িত্ব পালন।
এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে ব্রিটেনের রাজপরিবারের কোনো সদস্য আর জন্মের সূত্রে স্বয়ংক্রিয়ভাবে এসব উপাধি বা পদবি পাবেন না কিংবা ব্যবহার করতে পারবেন না।
ব্রিটেনের রাজতন্ত্রের বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবেই প্রিন্স উইলিয়াম এ পরিকল্পনা নিয়েছেন বলে প্রকাশিতব্য গ্রন্থে উল্লেখ করেছেন টম সাইকস।
চার্লাস-ডায়ানা দম্পতির জ্যেষ্ঠ সন্তান প্রিন্স উইলিয়াম (৪৪) জন্মের পর থেকেই ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী ছিলেন। ২০২২ সালে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লাস রাজা হন এবং উইলিয়াম হন প্রথম উত্তরাধিকারী।
আর প্রিন্স অব সাসেক্স পদবিধারী প্রিন্স হ্যারি বর্তমানে সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী। ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করার পর ২০২০ সালে তিনি রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু করেন।
২০২৩ সালে হ্যারির নিজের জীবনের স্মৃতিকথা স্পেয়ার প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, কৈশর পেরোনোর পর থেকেই বড়ভাই উইলিয়ামের সঙ্গে ঘনিষ্ঠতা কমে আসছিল তার এবং ২০১৮ সালে মেগান মার্কেলকে বিয়ের পর রীতিমতো টানাপোড়েন শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। অ-ব্রিটিশ নাগরিক মেগানের সঙ্গে হ্যারির বিয়েতে আপত্তি ছিল উইলিয়ামের।
সেই থেকেই দূরত্ব সৃষ্টি হয় উইলিয়াম এবং হ্যারির মধ্যে। এছাড়া যুক্তরাষ্ট্রে থাকাকালে একাধিক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের সমালোচনা করেছেন হ্যারি-মেগান দম্পতি; এই ব্যাপারটিও উইলিয়াম এবং তার কেটকে ক্ষুব্ধ করেছে।
চার বছর যুক্তরাষ্ট্রে কাটিয়ে ২০২৬ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে ফিরে এসেছেন হ্যারি-মেগান দম্পতি, কিন্তু দু’ভাইর মধ্যে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি।
উইলিয়াম-কেট দম্পতির তিন সন্তান— প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুই। রাজপরিবারের নিয়ম অনুযায়ী, উইলিয়ামের পর সিংহাসনে আরোহন করবেন এই দম্পতির বড় ছেলে প্রিন্স জর্জ। সাইকসের দাবি অনুযায়ী, উইলিয়ামের বাকি দুই সন্তান—১১ বছর বয়সী প্রিন্সেস শার্লট এবং ৮ বছর বয়সী প্রিন্স লুইভবিষ্যতে রাজপরিবারের সক্রিয় সদস্য হবেন নাকি রাজতন্ত্রের বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
হ্যারি-মেগান দম্পতিরও দুই সন্তান রয়েছে— ৭ বছর বয়সী প্রিন্স আর্চি এবং ৫ বছর বয়সী প্রিন্সেস লিলিবেট।
সাইকসের প্রকাশিতব্য বইয়ে আরও বলা হয়েছে—প্রিন্স উইলিয়ামের পরিকল্পনা অনুযায়ী, রাজপরিবারের সক্রিয় সদস্যরা ভাতা, বেতন এবং সরকারি বাসভবন পাবেন। অন্যদিকে, যারা রাজকীয় দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নেবেন, তাঁদের সাধারণ নাগরিক হিসেবে গণ্য করা হবে। তাদের কোনো রাজকীয় উপাধি বা বিশেষ সুযোগ-সুবিধা থাকবে না, তবে তারা নিজেদের পছন্দমতো পেশা বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন।
টম সাইকসের এসব দাবির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ব্রিটেনের রাজ পরিবারের আবাস কেনসিংটন প্রাসাদে যোগাযোগ করেছিল ব্রিটিশ দৈনিক দ্য মেইল। প্রাসাদের এক কর্মকর্তা দ্য মেইলকে বলেছেন, ““আমাদের নীতি অনুযায়ী, আমরা কোনো বই বা তাতে করা দাবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করি না।”
পরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করে দ্য মেইল, কিন্তু তারাও কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র : দ্য মেইল
এমআর/