গুপ্তচর কেলেঙ্কারির পর এনভিডিয়ায় ফিরলেন হুয়াং, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনরায় ফেরানোর বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এনভিডিয়ায় জেনসেনের ফিরে আসা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে, মার্কিন সরকারের কাছে এমন বিশ্বাস করার কোনো কারণ নেই।
চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটি পদ ছাড়েন হুয়াং। বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ওই বিষয়ে তদন্ত শুরু করার কয়েক দিন পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন তিনি।
সোমবার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াং পুনরায় নিয়োগ পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, অ্যাটর্নি জেনারেল এটি নিশ্চিত করেছেন যে, মার্কিন সরকারের কাছে এমন কোনো প্রমাণ নেই; যা থেকে বোঝা যায় তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পোস্টে ট্রাম্প বলেন, জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার ক্ষেত্রে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগতভাবে আমি জেনসেনকে জানি এবং তিনি মহান দেশপ্রেমিক ও দেশের জাতীয় সম্পদ।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, শুধু কোম্পানিরই নয়, বরং মার্কিন অর্থনীতির সাফল্য ও সমৃদ্ধি নিশ্চিত করার স্বার্থে এনভিডিয়ায় জেনসেনের নেতৃত্ব প্রয়োজন। কোম্পানিটি তার আইনি বাধ্যবাধকতা পূরণ করছে কি না তা নিশ্চিত করতে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ বিধি মেনে চলার বিষয়ে এনভিডিয়ার পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাওয়া উচিত।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ এক নথি বলছে, হুয়াংকে প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালক হিসেবে পুনর্বহাল করতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে ভোট দেয়। হুয়াংকে ফেরানোর বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ‘মার্কিন সরকারের উচ্চপর্যায় থেকে মতামত’ পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।
গত ৮ নভেম্বর এনভিডিয়ায় চরম এক সংকটের সূত্রপাত হয়। ওই দিন প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জেনসেন হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার সিঙ্গাপুরভিত্তিক গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের গোপন সম্পর্কের তথ্য ফাঁস হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা তাদের একাধিক প্রতিবেদনে বলেছেন, চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন অ্যালিস। যদিও এনভিডিয়ার সঙ্গে বৈধ ও আইনসম্মত ব্যবসা পরিচালনার দাবি করেছে মেগাস্পিড।
জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং সিএফও কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দেওয়ার পাঁচ দিন পর ১৭ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স বলেছিলেন, জেনসেনকে সিইও হিসেবে পুনর্বহাল করার কোনো ইচ্ছা নেই পর্ষদের।
তবে ট্রাম্প বলেছেন, হুয়াং বড় ধরনের শিক্ষা পেয়েছেন এবং তার ফিরে আসায় ‘নিশ্চিতভাবেই আপত্তি করবেন না’ তিনি। এর ছয় দিন পর পরিচালনা পর্ষদ তাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এবং জানায়, তারা এই বিষয়ে মার্কিন সরকারের উচ্চপর্যায় থেকে মতামত পেয়েছে।
তদন্তের কী হবে?
আগামী ১ ও ২ ডিসেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে রুদ্ধদ্বার বৈঠকে জেনসেন হুয়াংকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। সম্ভাব্য রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে বলে গত ১৬ নভেম্বর জানিয়েছিল মার্কিন বিচার ও বাণিজ্য বিভাগ। এনভিডিয়ার সম্ভাব্য হিসাবসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আর ২০ নভেম্বর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমন জারি করেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল।
গত ৬ অক্টোবর রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ২০ নভেম্বরের মধ্যে বাজারমূল্যে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছিল এনভিডিয়া। যদিও হুয়াংকে পুনর্বহালের পর হু হু করছে বাড়ছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, হুয়াংকে ফেরানোর ঘোষণার পরপরই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩৩ শতাংশের বেশি বেড়ে গেছে।
হুয়াংয়ের সঙ্গে ট্রাম্পের সমীকরণ কী?
চলতি বছরের মে মাসে চীন সফরে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদলে ছিলেন হুয়াং। তবে ট্রাম্প খুব দীর্ঘ সময় ধরে হুয়াংয়ের অনুরাগী বিষয়টি তেমন নয়। গত বছরের জুলাইয়ে প্রথমবার জেনসেন হুয়াংয়ের কথা জেনেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘‘কে এই লোক? তার নাম কী? তার নাম এনভিডিয়ার জেনসেন হুয়াং। আমি বললাম, এনভিডিয়া আবার কী?’’
এর এক মাস পর ট্রাম্প বলেন, চীনে উচ্চপ্রযুক্তির এইচ২০ চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করতে হুয়াং তাকে অনুরোধ করেছিলেন; যে চিপগুলো শীর্ষ পর্যায়ের এআইয়ের কাজে সহায়তা করে।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আর আমি বলেছিলাম, আমি যদি তা করি, তাহলে আমি চাইবো তোমরা দেশ হিসেবে আমাদের কিছু দাও। কারণ আমি তোমাদের ছাড় দিচ্ছি।’’
ট্রাম্প বলেন, তিনি আয়ের ২০ শতাংশ দাবি করেছিলেন এবং হুয়াং দরকষাকষি করে তা ১৫ শতাংশে নামিয়ে আনেন।
গত বছরের ডিসেম্বরে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছিলেন, চীনের অনুমোদিত গ্রাহকদের কাছে এনভিডিয়াকে এইচ২০০ পণ্য সরবরাহ করার অনুমতি দেবে যুক্তরাষ্ট্র এবং সেখান থেকে করা আয়ের ২৫ শতাংশ পাবে মার্কিন সরকার।
সূত্র: এএফপি, রয়টার্স, এপি
এমআর/