যশোরে ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৭ নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযানে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে আটক করা হয় চেয়ারম্যান তুহিনকে।
পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তিনি বলেন, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ওসি কবির হোসেন আরও জানান, শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিরা হলেন- বলরামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম, ইকলাস উদ্দিন, মুরাদ উদ্দিন, আলম হোসেন, শহর যুবলীগের সভাপতি কামাল হোসেন পর্বত ও আনসার আলী। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এমআর/