© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় উপস্থাপক বিজয় সেতুপতি

শেয়ার করুন:
আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় উপস্থাপক বিজয় সেতুপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০০ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে হাজির হলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতি। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের আসরে তার উপস্থিতি নজর কেড়েছে।

বিশেষ করে কালো রঙের পোশাকের সঙ্গে নকশা করা ব্লেজারে ছিল তার আলাদা আভিজাত্য। এদিন বিজয় সেতুপতি পরেছিলেন কালো প্যান্ট, কালো শার্ট ও কালো ব্লেজার। পুরো পোশাকই ছিল একই রঙের। তবে ব্লেজারের ওপরের সূচিকর্মের নকশা সাধারণ পোশাকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে অনেক তারকাকে ঝলমলে ও ব্যতিক্রমী পোশাকে দেখা গেলেও বিজয় বেছে নিয়েছিলেন বেশ সাদামাটা সাজ। তাতেই আলাদা করে নজর কেড়েছেন তিনি। এমিতে ভারতের দুটি মনোনয়ন। এবারের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে দুটি মনোনয়ন ছিল। কমেডি বিভাগে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন কৌতুকশিল্পী ও অভিনেতা বীর দাস।

তার বিশেষ অনুষ্ঠান ‘বীর দাস: ফুল ভলিউম’ মনোনয়ন পায় এই বিভাগে। অন্যদিকে সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল সনি লিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটি ফুটবল ক্লাব গড়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি।

তবে শেষ পর্যন্ত কোনো পুরস্কার জিততে পারেনি ভারতের এই দুই মনোনয়ন। কমেডি বিভাগে পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘ডিভিশন পালারমো’।

আর সেরা ড্রামা সিরিজ হয়েছে অ্যাপল টিভির ফরাসি সিরিজ ‘কারেম’।

পুরস্কারের রাতে যুক্তরাজ্যের দাপট

এবারের আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে যুক্তরাজ্যের প্রযোজনাগুলো। মোট ১৬টি বিভাগের মধ্যে ৯টিতেই পুরস্কার জিতেছে দেশটি। বিবিসির নাটক ‘আনফরগিভেবল’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ববি স্কোফিল্ড। ‘দ্য সেটলার্স’ প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পেয়েছেন লুই থেরু।

এছাড়া সংবাদ বিভাগে পুরস্কার জিতেছে স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড: ২৪ আওয়ার্স ইন দ্য কিল জোন’। চলতি ঘটনা বিভাগে পুরস্কার পেয়েছে আইটিভির ‘এক্সপোজার’। শিশুদের তিনটি বিভাগেও পুরস্কার গেছে যুক্তরাজ্যের ঝুলিতে।

অন্যদিকে ফ্লেমিশ ড্রামেডি ‘হোলি শিট’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের মোনা মিনা লিওন।

নয় মনোনয়নে নেটফ্লিক্সের এক জয়

এবারের আসরে সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়েছিল নেটফ্লিক্স। তবে শেষ পর্যন্ত তাদের ঝুলিতে গেছে মাত্র একটি পুরস্কার। কমেডি বিভাগে ‘ডিভিশন পালারমো’ এই পুরস্কার জেতে।

অনুষ্ঠানে নেটফ্লিক্সের সাবেক প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে দেওয়া হয় ফাউন্ডার্স অ্যাওয়ার্ড। আর ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাবেক আন্তর্জাতিক প্রেসিডেন্ট গেরহার্ড জেইলার।

নিউইয়র্ক হিলটনে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ‘শ্রিংকিং’ তারকা মাইকেল ইউরি। এবারের আসরে ২২টি দেশের মোট ৬৪ জন মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এসএ/

মন্তব্য করুন