শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
ছবি: সংগৃহীত
০৮:৫২ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
বাংলাদেশী নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বৈধভাবে বিদেশে ভ্রমণ ও উচ্চশিক্ষার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান শামা ওবায়েদ।
এর আগে দিনের শুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথ সভাপতিত্ব করতে ঢাকায় আসেন ওয়েলডন এপ।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন বন্ধ এবং দক্ষ জনশক্তির অভিবাসন উৎসাহিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার অবদানেরও প্রশংসা করেন।
কানাডায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সম্পর্কের সেতুবন্ধ হিসেবে এ জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সৃজনশীল অর্থনীতির গুরুত্বের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে শামা ওবায়েদ জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে। এ বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশের প্রতি কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন শামা। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশী পণ্যের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার কানাডার প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। এ সংকটে কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলায় দেশটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান শামা ওবায়েদ। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে কানাডার অব্যাহত সহযোগিতা চান তিনি।
গত ১৯ নভেম্বর আইসিজের দেয়া রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয়পক্ষ।
কেএন/